বিলোনিয়ায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী, সিপিএম-কংগ্রেসকে একযোগে নিশানা

আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে বিলোনিয়া সফরে আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। বিলোনিয়া বনকর এলাকা থেকে দলীয় কর্মী, বিধায়ক এবং পুর নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের নিয়ে একটি বিশাল রেলি বের করা হয়। শহরের প্রধান সড়ক ধরে এই রেলি এগিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সিপিআইএম ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন। তিনি এই দুই দলকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে অভিহিত করে তাদের রাজনৈতিক দ্বিচারিতার সমালোচনা করেন। অতীতে রাজ্যে রাজনৈতিক হিংসা ও হত্যার ঘটনা এবং বহু পরিবারের স্বজন হারানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ত্রিপুরার মানুষ সেই দুঃসহ স্মৃতি এখনও ভুলে যাননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ ও রাজ্য উন্নয়নের পথে এগিয়ে চলেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি ভোটারদের কাছে আবেদন জানান, ‘বিকশিত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে নিজেদের মূল্যবান ভোট নষ্ট না করে সঠিক প্রার্থীদের জয়যুক্ত করতে। সভার শেষে বিলোনিয়া পুর পরিষদের ১৭টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের মঞ্চে ডেকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *