বেলুচিস্তানে ড্রোন হামলায় পাক সেনার মেজরসহ নিহত ৪, নিকেশ ১৬ জঙ্গি

বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকি এলাকায় গত শুক্রবার থেকে নিরাপত্তা বাহিনীর গোপন অভিযানে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে পাক সেনার সঙ্গে জঙ্গিদের তীব্র লড়াই হয়। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, কোলপুর এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে এক আত্মঘাতী বোমারুসহ মোট আটজন সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

তবে এই অভিযানে পাক সেনাকে বড় ধাক্কা খেতে হয়েছে। জঙ্গিরা সামরিক যান লক্ষ্য করে সশস্ত্র কোয়াডকপ্টার বা ড্রোন দিয়ে হামলা চালায়। এই আকস্মিক হামলায় মেজর উমর মিনহাজ নাসির এবং হাবিলদার মুহাম্মদ আদনান খান ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া উত্তর ওয়াজিরিস্তানে পৃথক সংঘর্ষে হাবিলদার আসমত আলি ও নায়েক আফতাব আলি নিহত হয়েছেন। সব মিলিয়ে এই সংঘর্ষে চারজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, সামগ্রিক এই অভিযানে মোট ১৬ জন জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে আলী খেলে পরিচালিত অভিযানে ১২ জন এবং মীর আলী ও দত্তা খেলে দু’জন করে জঙ্গি নিকেশ হয়েছে। উল্লেখ্য, পাকিস্তান সরকার বেলুচিস্তানে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ হিসেবে চিহ্নিত করে থাকে। এই গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড নিয়ে পাকিস্তান বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে অভিযোগ তুললেও ভারত বরাবরই তা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *