ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে ব্রিটিশ নাগরিক হলেন আইপিএলের প্রাক্তন প্রধান ললিত মোদী
আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদী আনুষ্ঠানিকভাবে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে তিনি ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছেন। অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখার সময়ও তিনি এই নতুন নাগরিকত্বের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। ব্রিটিশ নাগরিক হওয়াকে তিনি নিজের কাছে এক বিশাল দায়িত্ব ও সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, ললিত মোদীর বিরুদ্ধে আইপিএলে কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতি ও কারচুপির গুরুতর অভিযোগ রয়েছে। ২০১০ সালে এই অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার আগেই তিনি দেশ ছাড়েন। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর জানা যায় যে, তিনি যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন। ভারত সরকার তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য একাধিকবার প্রত্যর্পণের অনুরোধ জানালেও তা সফল হয়নি।
আইনি বিশেষজ্ঞদের মতে, ললিত মোদী ব্রিটেনের নাগরিকত্ব পাওয়ায় তাঁকে ভারতে ফিরিয়ে এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আইনি পথ কার্যত বন্ধ হয়ে গেল। একসময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম নিয়ন্ত্রক হয়েও দুর্নীতির অভিযোগে দেশছাড়া এই ব্যবসায়ীর ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণের বিষয়টি নিয়ে এখন নতুন করে চর্চা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ললিত মোদী জানিয়েছেন, তিনি নতুন দেশের জন্য ইতিবাচক ও গঠনমূলক কাজ করতে আগ্রহী।