বিক্রমগড়ে প্রেমিকার পোষ্য কুকুরদের নৃশংসভাবে হত্যার অভিযোগ, আটক প্রেমিক

কলকাতার বিক্রমগড়ের একটি ভাড়া ফ্ল্যাটে লিভ-ইন সম্পর্কে থাকতেন সঞ্জীব ভট্টাচার্য ও পরী নভা নামে এক তরুণী। তাঁদের ফ্ল্যাটে বেশ কয়েকটি পোষ্য কুকুর ছিল। সম্প্রতি দুজনের সম্পর্কের অবনতি হওয়ায় গত শুক্রবার পরী ফ্ল্যাট ছেড়ে চলে যান, তবে পোষ্যদের সেখানেই রেখে যান। অভিযোগ, শনিবার আচমকাই পরীকে ভিডিও কল করেন সঞ্জীব। ফোন ধরতেই তরুণী দেখতে পান, তাঁর একটি পোষ্য কুকুরকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

আতঙ্কিত তরুণী দ্রুত স্থানীয় এক পরিচিত যুবককে ফ্ল্যাটে পাঠান। সেখানে গিয়ে ওই যুবক দেখেন, দুটি পোষ্য কুকুরই নিথর অবস্থায় পড়ে রয়েছে এবং সারা ফ্ল্যাটে রক্ত ছড়িয়ে আছে। এই নৃশংস ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অভিনেত্রী ও পশুপ্রেমী দেবলীনা দত্ত। তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে যোগাযোগ করে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানান।

ঘটনার খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ দ্রুত ফ্ল্যাটে পৌঁছে অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্যকে আটক করে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত যুবক মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন। ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *