দাদির শেষকৃত্যে যোগ দিতে পারলেন না অমৃতপাল সিং, জেল কর্তৃপক্ষের আপত্তিতে বাতিল প্যারোল
দীর্ঘ অসুস্থতার পর ৮৪ বছর বয়সে অমৃতপাল সিংয়ের দাদি চরণ কৌর পরলোক গমন করেছেন। পরিবারের পক্ষ থেকে খিদুর সাহিবের সাংসদ অমৃতপাল সিংকে দাদির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তির আবেদন জানানো হয়েছিল। আদালতের অতিরিক্ত সেশন জজ তাঁকে এক দিনের কাস্টোডিয়াল প্যারোল মঞ্জুরও করেছিলেন। তবে ডিব্রুগড় জেল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় যে, এত কম সময়ের মধ্যে এই নির্দেশ কার্যকর করা সম্ভব নয়।
জেল কর্তৃপক্ষের এই আপত্তির জেরে পরিবারের পক্ষ থেকে শেষকৃত্যের দিন পরিবর্তন করে আগামী ২০ নভেম্বর এবং অন্তিম অর্দাস ২২ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। অমৃতপালের আইনজীবী করমবীর সিং পন্নু জানিয়েছেন, পরিবারের ইচ্ছানুসারে শেষকৃত্যের দিন পরিবর্তন করার কারণে তাঁরা একটি সংশোধন আর্জি দাখিল করতে চেয়েছিলেন, কিন্তু জেল প্রশাসন তা গ্রহণ করতে অস্বীকার করে। এই পরিস্থিতিতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন আইনজীবী।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে পাঞ্জাবের মোগা জেলা থেকে গ্রেপ্তারের পর থেকেই অমৃতপাল সিং অসমের ডিব্রুগড় সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। তাঁর বিরুদ্ধে অমৃতসরের আজনালা থানায় হামলা চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। দাদির শেষকৃত্যে যোগ দেওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। অমৃতপালের পাশাপাশি তাঁর কাকা হরজিত সিং এবং তুতো ভাই সুখমন সিংকেও প্যারোল দেওয়া হয়েছিল।