ভিড়ের চাপে বন্ধ মানকুণ্ডুর দুটি পুজো মণ্ডপ, সতর্ক প্রশাসন
ষষ্ঠীর সন্ধ্যায় মানকুণ্ডু স্টেশন রোডের দুটি বড় পুজো মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে অযোধ্যা থিমের মানকুণ্ডু সার্কাস মাঠের পুজোয় রাত আটটার পর জনস্রোত এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। কাতারে কাতারে মানুষ মণ্ডপের দিকে এগিয়ে আসতে শুরু করলে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুলিশ প্রশাসন। পুলিশের নির্দেশে পুজো কমিটিগুলি তড়িঘড়ি মণ্ডপের প্রবেশপথ বন্ধ করে দেয় এবং দর্শনার্থীদের প্রতিমা দর্শন সাময়িকভাবে স্থগিত করা হয়। একই কারণে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপটিও দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অতীতে কলকাতার চোরবাগান পুজো মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এবার দুর্গাপুজোর শুরু থেকেই প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করছে। ভিড় বাড়লে মণ্ডপ বন্ধ রাখার মতো কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা হচ্ছে না পুলিশ।