পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে শোকস্তব্ধ বিধায়ক রত্না দেবনাথ, দাবি দোষীদের শাস্তির
পানিহাটিতে এক বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গত শনিবার পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার উদ্যোগে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছিল। অভিযোগ, সেই প্রতিবাদ করার পরই দলেরই কয়েকজন কর্মী রুমা সাহাকে প্রকাশ্যে গালিগালাজ করেন। স্ত্রীর প্রতি এই অপমানের প্রতিবাদ করতে এগিয়ে আসেন তাঁর স্বামী তথা সক্রিয় বিজেপি কর্মী অরূপ সাহা। অভিযোগ, সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
এই ঘটনার পরই অরূপ সাহা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক রত্না দেবনাথ। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেন এবং শোকপ্রকাশ করেন। বিধায়কের উপস্থিতিতে রহড়া থানায় এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন রত্না দেবনাথ। শোকাতুর বিধায়ক আক্ষেপ করে বলেন, এই ঘটনার জন্য তিনি নিজেকে দায়ী মনে করছেন। অরূপ সাহার অকাল প্রয়াণে তাঁর পরিবার যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।