শিলিগুড়িতে রসগোল্লা উৎসবে ২৫ হাজার মিষ্টি বিতরণ, মিষ্টি হাবের দাবি ব্যবসায়ীদের
পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির শিলিগুড়ি শাখার উদ্যোগে সেবক রোডে আয়োজিত হলো রসগোল্লা উৎসব। এই বিশেষ আয়োজনে প্রায় ২৫ হাজার রসগোল্লা বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। উৎসবে আট থেকে আশি সব বয়সের মানুষ ভিড় জমান এবং রসগোল্লার স্বাদ উপভোগ করেন। প্রায় ৪৫টি মিষ্টির দোকান এই আয়োজনে অংশগ্রহণ করে।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ৫০টি রসগোল্লা খাওয়ার চ্যালেঞ্জ, যেখানে অংশগ্রহণকারীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। তিনি বাংলার রসগোল্লাকে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোতে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার আশ্বাস দিয়েছেন। প্রথমবার আয়োজিত এই উৎসবে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ যোগ দেন এবং অনেকে পরিবারের সদস্যদের জন্যও মিষ্টি নিয়ে যান।
মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শিলিগুড়িতে একটি ‘মিষ্টি হাব’ তৈরির দাবি জানানো হয়েছে, যেখানে রাজ্যের ২৩টি জেলার ঐতিহ্যবাহী মিষ্টি পাওয়া যাবে। এছাড়া রসগোল্লার ওপর থেকে জিএসটি প্রত্যাহার এবং শিলিগুড়ির বিখ্যাত ক্ষীরের শিঙাড়াকে জিআই স্বীকৃতির দাবিও তুলেছেন ব্যবসায়ীরা। প্রথমবার আয়োজিত এই উৎসবে ব্যাপক সাড়া মেলায় আয়োজকরা অত্যন্ত খুশি।