সাড়ে তিন দশকে তিন হাজার শবদাহ, ধূপগুড়ির শ্মশানবন্ধু হরিদাস বসাক
ধূপগুড়ির বাসিন্দা হরিদাস বসাক গত সাড়ে তিন দশক ধরে নিঃশব্দে শবদাহের কাজ করে চলেছেন। মাত্র ১৫-১৬ বছর বয়স থেকে এই পেশার সঙ্গে যুক্ত পঞ্চাশোর্ধ্ব হরিদাস চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও চিতা সাজানো এবং শবদাহের কাজে অত্যন্ত দক্ষ। দীর্ঘ কর্মজীবনে এখন পর্যন্ত তাঁর হাতে তিন হাজারের বেশি শবদাহ সম্পন্ন হয়েছে। পুরসভার সামান্য মাসিক ভাতা এবং শবযাত্রীদের দেওয়া সম্মানদক্ষিণাই তাঁর আয়ের একমাত্র উৎস।
ধূপগুড়ি পুর মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লিটি গত মার্চ মাস থেকে অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে গত আট মাস ধরে শবদাহের ক্ষেত্রে হরিদাসই একমাত্র ভরসা হয়ে উঠেছেন। ২০১৩ সালের ভাইফোঁটার দিন তিনি টানা ১৩টি শবদাহ করেছিলেন, যা তাঁর দীর্ঘ কর্মজীবনের একদিনে সর্বোচ্চ সংখ্যা। ডাক আসামাত্রই সব কাজ ফেলে তিনি শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। স্থানীয়দের মতে, গভীর সমাজবোধ না থাকলে বছরের পর বছর রাত-বিরাত এমন কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের উত্তরসূরি নিয়ে চিন্তিত হরিদাস। তাঁর আক্ষেপ, নতুন প্রজন্ম এই কাজে আগ্রহী নয় এবং অনেকে মৃতদেহ স্পর্শ করতে ভয় বা ঘৃণা পায়। তবে কেউ শিখতে চাইলে তিনি সানন্দে শেখাতে রাজি। বর্তমানে লোহার কাঠামো ব্যবহারের ফলে কাজ কিছুটা সহজ হলেও, প্রথাগত রীতিনীতি মেনে চিতা সাজানোর দক্ষতায় তিনি আজও অপ্রতিদ্বন্দ্বী।