বিজেপি নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের
পানিহাটির একটি ঘটনার পর দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছিলেন বিধায়ক রত্না দেবনাথ। সেই সময় তিনি বলেছিলেন, বিজেপি না জিতলে হয়তো কারও প্রাণ যেত না। তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল তৈরি হয়। তবে ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক।
একটি প্রেস বিবৃতির মাধ্যমে রত্না দেবনাথ জানান, তাঁর আগের মন্তব্যের একটি অংশকে বিচ্ছিন্ন করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে সমাজে ভুল বার্তা যাচ্ছে এবং অনভিপ্রেত বিতর্ক তৈরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, ভারতীয় জনতা পার্টির মতাদর্শ এবং সংগঠনের প্রতি তিনি সম্পূর্ণ আস্থাশীল এবং বিজেপিতে থেকেই নিজের রাজনৈতিক যাত্রা এগিয়ে নিয়ে যেতে চান।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন যে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রতি তাঁর ১০০ শতাংশ আস্থা রয়েছে। পাশাপাশি শমীক ভট্টাচার্য-সহ দলের সমস্ত নেতৃত্বের প্রতিও তিনি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন। দল এবং সংগঠনের সঙ্গে তিনি অতীতে ছিলেন এবং আগামী দিনেও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাবেন বলে জানিয়েছেন। এর আগে দলের একাংশ ও প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে নিয়ে করা মন্তব্য ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল, এই বিবৃতির মাধ্যমে তিনি তা খারিজ করে দিলেন।