শান্তিনিকেতনে দুষ্কৃতীর গুলিতে জখম পুলিশকর্মী, বর্ধমান মেডিক্যালে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী
বীরভূমের শান্তিনিকেতন থানার লাইক বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় দুষ্কৃতী ধরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। অভিযুক্ত রতন শেখকে ধরতে গেলে সে বিশ্বজিতের বাঁ পায়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন এবং হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
শনিবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত পুলিশকর্মীকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আইসিসিইউ-তে গিয়ে বিশ্বজিৎ দাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সমালোচনা করেন এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মূল অভিযুক্ত রতন শেখের বাড়ি বীরভূমের নানুরের সাঁওতাগ্রামে। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক পাচার-সহ একাধিক মামলা রয়েছে। মাস কয়েক আগে গ্রেপ্তার হলেও সম্প্রতি সে জামিনে মুক্তি পেয়েছিল। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত এখনও পুলিশের নাগালের বাইরে। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।