মিশরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে উদ্যোগী ভারত, সুয়েজ খালে মিলতে পারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল
মিশরের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মিশর সফর করছে। এই সফরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যারোস্পেস, প্রতিরক্ষা, কৃষি-খাদ্য, ক্লিন এনার্জি এবং সার খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সুয়েজ ক্যানাল ইকোনমিক জোনে ভারতের জন্য নির্দিষ্ট অঞ্চল বরাদ্দের মিশরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, এই প্রস্তাব খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে।
বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ সুয়েজ খালের গুরুত্ব তুলে ধরে পীযূষ গোয়েল মিশরকে ভারতের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, দুই দেশের লক্ষ্য হলো একে অপরের প্রতিযোগী না হয়ে পরিপূরক হিসেবে কাজ করা। এর ফলে ভবিষ্যতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা মুক্ত বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত হতে পারে। মিশরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী মহম্মদ ফরিদ সালেহ আশাপ্রকাশ করেছেন যে, ২০২৮ সালের মধ্যে দুই দেশের মধ্যে কোনো বড় বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
চিকিৎসা সরঞ্জাম, জেনেরিক ওষুধ, ভ্যাকসিন এবং অটোমোবাইল খাতের মতো ক্ষেত্রগুলোতেও ভারত ও মিশরের মধ্যে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষা ও সবুজ শক্তি খাতেও দুই দেশ যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। মিশরকে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী এই সফরকে আগামী দিনের বৃহত্তর সম্পর্কের পূর্বাভাস বলে বর্ণনা করেছেন। তিনি মিশরের প্রতিনিধিদের ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন।