আন্তর্জাতিক স্তরে প্রশংসিত থ্রিলার ‘মাশরুম’ মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর
একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ছবি ‘মাশরুম’-এর কাহিনি। তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসতে থাকে নিষিদ্ধ সম্পর্ক এবং অপ্রত্যাশিত সব রহস্য। কে অপরাধী আর কে শিকার, সেই রোমহর্ষক প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়েছে ছবির চিত্রনাট্য। আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল উপস্থাপনায় তৈরি এই ছবিটি বাংলা, নেপালি ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে। ৮৪ মিনিটের এই ছবিতে ইংরেজি সাবটাইটেলের ব্যবস্থাও রাখা হয়েছে।
ছবিটির পরিচালনা, চিত্রনাট্য ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন শমীক রায়চৌধুরী। এর আগে আন্তর্জাতিক প্রজেক্টে ভিএফএক্স শিল্পী হিসেবে কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সনৎ চট্টোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, পুনম গুরুং এবং তথাগত মুখোপাধ্যায়। গতানুগতিক খুনের রহস্যের বাইরে গিয়ে দর্শককে এক দমবন্ধ করা পরিবেশে নিয়ে যাওয়াই এই ছবির মূল লক্ষ্য বলে জানিয়েছেন পরিচালক।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, মিলান গোল্ড অ্যাওয়ার্ডস, বার্লিন ইন্ডি ফিল্ম ফেস্টিভ্যাল এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মতো একাধিক আন্তর্জাতিক মঞ্চে সমাদৃত হয়েছে ‘মাশরুম’। সেরা ছবি, সেরা থ্রিলার এবং সেরা অভিনেতা-অভিনেত্রীর সম্মানও অর্জন করেছে এই প্রজেক্ট। আগামী ৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ওটিটি স্বত্ব আগেই বিক্রি হয়ে যাওয়ায় বড় পর্দার পাশাপাশি খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে এই থ্রিলারটি।