পর্যটকদের পছন্দের তালিকায় পিছিয়ে দার্জিলিং, চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা
পাহাড়ে পর্যটকদের আনাগোনা থাকলেও দার্জিলিং ম্যাল ও প্রচলিত পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় আগের তুলনায় অনেকটাই কমেছে। হিমালয় হসপিটালিটি ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, চলতি মরশুমে উত্তরবঙ্গের পাহাড়ে পর্যটকের সংখ্যা প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। পর্যটকদের একটি বড় অংশ এখন দার্জিলিংয়ের পরিবর্তে অসম, অরুণাচল, সিকিম, নেপাল ও ভুটানের মতো জায়গাগুলিতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের দিকে ঝুঁকছেন।
পর্যটন ব্যবসায়ীদের মতে, গত ৮০ থেকে ১০০ বছরে দার্জিলিংয়ের পর্যটন পরিকাঠামোয় নতুন কোনো উল্লেখযোগ্য সংযোজন হয়নি। পর্যটকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে এখানে নতুন কোনো আকর্ষণ তৈরি না হওয়ায় তারা অন্য গন্তব্যের দিকে আগ্রহী হচ্ছেন। পাশাপাশি, লাগামছাড়া গাড়ি ভাড়া, হোটেল খরচ এবং কলকাতা থেকে বাগডোগরা বিমান ভাড়ার আকাশছোঁয়া দাম পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি ব্যবসায়ীদের।
এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, পর্যটকদের বর্তমান চাহিদা ও পছন্দ বুঝে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে পাহাড়ের জনপ্রতিনিধি এবং পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে। আগামী সোমবার এই সংকট নিয়ে সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে পর্যটন পরিকাঠামো উন্নয়ন ও নতুন বিনোদনের ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে।