আরএসি যাত্রীদের ভাড়ার একাংশ ফেরতের ভাবনা রেলের, সংসদীয় কমিটির সুপারিশে তৎপরতা

ভারতীয় রেলে আরএসি (RAC) টিকিট নিয়ে দীর্ঘদিনের যাত্রী ভোগান্তি নিরসনে বড় পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, আরএসি টিকিটধারীরা ট্রেনে ভ্রমণের সুযোগ পেলেও তাঁদের জন্য আলাদা কোনো বার্থ বরাদ্দ থাকে না। ফলে বাধ্য হয়ে দু’জন যাত্রীকে একটি বার্থ ভাগ করে যাতায়াত করতে হয়। অথচ এই পরিষেবার বিনিময়ে যাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ টিকিটের ভাড়াই আদায় করা হয়, যা নিয়ে দীর্ঘ দিন ধরেই ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

এই বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় লোক হিসাব কমিটি (PAC)। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে কমিটি স্পষ্ট জানিয়েছে, চার্ট তৈরির পরেও যখন যাত্রীরা পূর্ণাঙ্গ বার্থ পান না, তখন তাঁদের থেকে পুরো ভাড়া নেওয়া অনৈতিক। এই পরিস্থিতিতে যেসব যাত্রী আরএসি টিকিটের কারণে সম্পূর্ণ বার্থ পান না, তাঁদের ভাড়ার একটি নির্দিষ্ট অংশ ফেরত দেওয়ার সুপারিশ করেছে কমিটি। রেল মন্ত্রককে এ বিষয়ে একটি নির্দিষ্ট রিফান্ড পলিসি তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

সংসদীয় কমিটির এই জোরালো বার্তার পর রেল মন্ত্রকের অন্দরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বা নিয়মে পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে রেলের শীর্ষমহল বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। দীর্ঘ পথযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট পরীক্ষকদের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামী দিনে রেল কর্তৃপক্ষ বড় কোনো পদক্ষেপ নেয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *