সোনাক্ষী সিনহার অভিযোগে ধৃত যুবককে মুক্তির নির্দেশ আদালতের, কাঠগড়ায় মুম্বই পুলিশ
অভিনেত্রী সোনাক্ষী সিনহার দায়ের করা সাইবার অপরাধের অভিযোগে আরিয়ান দীপক জৈন নামে এক যুবককে দিল্লির জগৎপুরী থেকে গ্রেপ্তার করেছিল বান্দ্রা পুলিশ। গ্রেপ্তারের পর তড়িঘড়ি বিমানে করে তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হয় এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের জন্য তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। তবে আইনি বিধিভঙ্গের অভিযোগে আদালত পুলিশের সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ভিনরাজ্য থেকে গ্রেপ্তারের ক্ষেত্রে ট্রানজিট রিমান্ডের নিয়ম সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। দিল্লি থেকে গ্রেপ্তারের পর অভিযুক্তকে কেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ৩৫(১)(বি) ধারা অনুযায়ী, গ্রেপ্তারের সুনির্দিষ্ট প্রয়োজনীয়তা নথিবদ্ধ করার যে বাধ্যবাধকতা রয়েছে, পুলিশ তাও মানেনি বলে অভিযোগ।
শুনানি চলাকালীন অভিযুক্তের আইনজীবীরা দাবি করেন, পুলিশ কোনো আইনি নোটিশ ছাড়াই এই গ্রেপ্তার করেছে। অভিযোগকারিণীর প্রভাবশালী অবস্থানের কারণেই পুলিশ অস্বাভাবিক তাড়াহুড়ো করেছে বলে তাঁদের অভিযোগ। আদালত স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র তদন্তের প্রয়োজনে আইনি সুরক্ষা কবচ উপেক্ষা করে কাউকে আটকে রাখা যায় না। যদিও অভিযুক্ত যুবক মুক্তি পেয়েছেন, তবে সোনাক্ষী সিনহার দায়ের করা সাইবার অপরাধের মূল তদন্তটি এখনও চালু রয়েছে।