বন্দে ভারতের ব্রেক অকেজো থাকা সত্ত্বেও ট্রেন চালানোর অভিযোগ, তদন্তের নির্দেশ রেলের

বন্দে ভারত এক্সপ্রেসের ব্রেকিং সিস্টেমে বড়সড় গাফিলতির তথ্য প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে রেলমহলে। জানা গেছে, রাঁচি থেকে ছাড়ার পর ট্রেনের ব্রেক সিস্টেম দুর্বল ও অকার্যকর লক্ষ্য করেন লোকো পাইলট। তিনি বিষয়টি লিখিতভাবে সেকশন কন্ট্রোলার ও ট্র্যাকশন লোকো কন্ট্রোলারকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে মুড়ি স্টেশনে অন্য এক লোকো পাইলটও ব্রেক প্রেশার কমে যাওয়ার বিষয়টি কন্ট্রোলারদের অবহিত করেন, কিন্তু ট্রেন থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছানোর পর রেলকর্মীরা বিষয়টি খতিয়ে দেখেন। তদন্তে উঠে আসে যে, ট্রেনের সমস্ত বগির ব্রেকিং সিস্টেম কার্যত বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা রেকটি ছাড়ার আগে ব্রেক ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করতেই ব্যর্থ হন। এছাড়া আধুনিক বন্দে ভারত ট্রেনের ব্রেকিং সিস্টেম সম্পর্কে অনেক কর্মীরই স্পষ্ট ধারণা ছিল না বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এই ঘটনায় কোচ অ্যান্ড ওয়াগন কর্মী, সংশ্লিষ্ট স্টেশনের কন্ট্রোলার এবং হাতিয়া থেকে ডিডিইউ পর্যন্ত ট্রেন পরিচালনাকারী ক্রুদের বড়সড় গাফিলতি ধরা পড়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাঁচির ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। সাম্প্রতিক সময়ে রেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের আবহে এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *