মালদা মেডিক্যাল কলেজে মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ দাদুকে দেখতে গিয়ে নিরাপত্তা রক্ষীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল এক মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। শনিবার দুপুরে হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে এই ঘটনাটি ঘটে। আক্রান্ত ওই ছাত্রের নাম সাজিদ আলম, সে ইংরেজবাজার শহরের গয়েশপুর এলাকার বাসিন্দা। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তার দাদু জহর শেখ গত চার দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ, এদিন দুপুরে দাদুকে দেখতে গিয়ে সাজিদ পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিল। সেই সময় ট্রমা কেয়ার ইউনিটের দায়িত্বে থাকা কয়েকজন নিরাপত্তা রক্ষী হঠাৎ তার কাছে এসে মোবাইল কেড়ে নেয় এবং তাকে মারধর শুরু করে। সাজিদকে বাঁচাতে গিয়ে তার দুই মাসি সালমা আলম ও শাহাজাদি বিবিও আক্রান্ত হন। অভিযোগ, তাঁদের ট্রমা কেয়ার ইউনিটের একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়েছে।
ঘটনার পর অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রকে হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর সাজিদ আলম ইংরেজবাজার থানায় অভিযুক্ত নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার সত্যতা যাচাই করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল গণেশচন্দ্র গাইন। তিনি জানিয়েছেন, অভিযোগপত্র পাওয়া গিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।