মাথাভাঙায় ফুটবল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই শিশুর

কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জ এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের নাম ইরফান হক (৭) এবং রোহিত আলম (৫)। সম্পর্কে তারা কাকাতো ভাই। শনিবার বাড়ির পাশে ফুটবল খেলার সময় বলটি বাড়ির পিছনে থাকা একটি জলভর্তি গর্তে পড়ে যায়। প্রাথমিক অনুমান, সেই বল উদ্ধার করতে গিয়েই তারা জলে তলিয়ে যায়।

ঘটনার সময় পরিবারের সদস্যরা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পিছনে গিয়ে তাদের অচৈতন্য অবস্থায় গর্তের জলে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে বল তুলতে গিয়ে জলে পড়ে যাওয়ার সম্ভাবনার কথা মনে করা হচ্ছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ কারণ তদন্তের পরই স্পষ্ট হবে। একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গোপালগঞ্জ এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *