পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যু, থানায় বিধায়কদের উপস্থিতিতে দায়ের এফআইআর
পানিহাটির ১৪ নম্বর ওয়ার্ডের রেল সাইটিং বাজার এলাকায় এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে স্থানীয় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ করেছিলেন ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে গালিগালাজ করা হয়। রুমা সাহাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্বামী অরূপ সাহা। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর অরূপ সাহার স্ত্রী রুমা সাহা থানায় অভিযোগ জানাতে যান। অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এই খবর পেয়েই পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ এবং ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচী থানায় পৌঁছান। দুই বিধায়কের উপস্থিতিতে শেষ পর্যন্ত থানায় এফআইআর দায়ের করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিধায়করা।
নিহত বিজেপি কর্মীর স্ত্রীর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া ব্যক্তিদের তরফেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।