মহানায়কের জন্মশতবর্ষে টলিউড শিল্পীদের বড় উপহার, চালু হলো ‘উত্তম সুবিধা কার্ড’
টলিউডের শিল্পীদের দীর্ঘদিনের দাবি মেনে তাঁদের সুস্বাস্থ্য ও উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষে চালু হলো ‘উত্তম সুবিধা কার্ড’। আর্টিস্ট ফোরামের নতুন কমিটি গঠনের পর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার টেকনিশিয়ান স্টুডিওতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ডের আনুষ্ঠানিক সূচনা করা হয়। ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় ও কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়সহ কমিটির পদাধিকারীদের উপস্থিতিতে এই স্বাস্থ্য পরিষেবার ঘোষণা দেওয়া হয়।
চিকিৎসায় একগুচ্ছ বিশেষ সুবিধা
একটি বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই কার্ডের মাধ্যমে শিল্পীরা ওষুধের কেনাকাটায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও কার্ডের মাধ্যমে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দেওয়া হয়েছে। আপাতত কার্ড হাতে না পাওয়া পর্যন্ত সদস্যরা আর্টিস্ট ফোরামের পরিচয়পত্র ব্যবহার করেই এই সুবিধা নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ওই সংস্থার পক্ষ থেকে শিল্পীদের কল্যানের জন্য ফোরামের হাতে ৩০ হাজার টাকার একটি চেকও তুলে দেওয়া হয়।
স্বাস্থ্যবিমা ও টলিপাড়ার ভবিষ্যৎ
দীর্ঘদিন ধরে শিল্পীদের মধ্যে স্বাস্থ্যবিমা নিয়ে একধরণের অনিশ্চয়তা কাজ করছিল। বিশেষ করে আগের স্বাস্থ্যবিমার মেয়াদ শেষ হওয়া এবং নির্বাচনী ডামাডোলের কারণে স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত কাজ স্থগিত থাকায় উদ্বেগে ছিলেন অনেক শিল্পী-কলাকুশলী। বর্তমান কমিটি জানিয়েছে, ওষুধে ছাড়ের পাশাপাশি একটি স্থায়ী স্বাস্থ্যবিমা চালুর বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা চলছে। এই পদক্ষেপ টলিউডের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের শিল্পীদের চিকিৎসা ব্যয় লাঘব করতে এবং তাঁদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।