জেল থেকে প্রধান বিচারপতিকে চিঠি ইমরান খানের, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। আইনজীবীর মাধ্যমে পাঠানো এই চিঠিতে ৭৪ বছর বয়সি ইমরান খান দাবি করেছেন, দীর্ঘ সময় ধরে তাঁকে একাকী সেলে বন্দি করে রাখা হয়েছে। তাঁর মতে, এই পরিস্থিতি এক ধরনের নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি। মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ না থাকায় তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে তিনি অভিযোগ করেছেন।
চিঠিতে ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে তিনি হয়তো আর জীবিত অবস্থায় জেল থেকে ফিরে আসতে পারবেন না। চিকিৎসকদের সতর্কবার্তা অনুযায়ী, অতিরিক্ত রক্তচাপ এবং একাকিত্বের কারণে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ২০২৩ সালের অগস্ট মাস থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। তোশাখানা-২ মামলাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে তাঁর দল পিটিআই।
নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। দুর্নীতির মামলায় ২০২৫ সালের জানুয়ারি থেকে জেলবন্দি রয়েছেন বুশরা বিবি। গত এপ্রিল মাসে তাঁর চোখে অস্ত্রোপচার হলেও পর্যাপ্ত চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। ইমরান খান বিচারব্যবস্থার কাছে কোনো বাড়তি সুবিধা চাননি, বরং আদালতের আগের নির্দেশ কার্যকর করা এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন। জেলখানার অন্দরে প্রাক্তন প্রধানমন্ত্রীর এই দাবি পাকিস্তানের রাজনৈতিক ও বিচারব্যবস্থায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।