শম্ভু-রাজপুরা রেললাইন বিস্ফোরণ কাণ্ডে মাস্টারমাইন্ড গ্রেফতার, এনআইএ-র জালে খালিস্তানি জঙ্গি
পাঞ্জাবের শম্ভু ও রাজপুরা রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেললাইন বিস্ফোরণের ঘটনায় বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। চলতি বছরের ২৭ এপ্রিল ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মূল রেললাইনে এই নাশকতামূলক বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তদন্তে নেমে এনআইএ জানতে পারে, ১১৭৪-৫ কিলোমিটার পয়েন্টে এই বিস্ফোরণ ঘটানো হয়। খালিস্তান জিন্দাবাদ ফোর্সের সন্ত্রাসবাদী কার্যকলাপকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য।
এই ঘটনায় অভিযুক্ত সুরিন্দর সিং ওরফে ঠিকরিওয়ালকে আমেরিকা থেকে প্রত্যর্পণ করে ভারতে আনা হয়েছে। গত ১৮ নভেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, বিস্ফোরণের পরপরই সুরিন্দর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি প্ররোচনামূলক ভিডিও আপলোড করে। ওই ভিডিওতে সে হামলার দায় স্বীকার করে অপরাধীদের প্রশংসা করে এবং নিষিদ্ধ সংগঠন খালিস্তান জিন্দাবাদ ফোর্স ও তার নেতা রঞ্জিত সিং ওরফে নীতাককে সমর্থন জানায়।
সুরিন্দর সিংয়ের বিরুদ্ধে আগেই লুক আউট সার্কুলার জারি করেছিল এনআইএ। মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে গোয়েন্দা স্তরের সমন্বয়ে তাকে দিল্লি বিমানবন্দরে আটক করা হয়। এই গ্রেফতারির ফলে শম্ভু-রাজপুরা বিস্ফোরণ মামলায় মোট আটজন অভিযুক্তকে পাকড়াও করল এনআইএ। বর্তমানে এই নাশকতার নেপথ্যে থাকা আন্তর্জাতিক ষড়যন্ত্র, অবৈধ অর্থ জোগান এবং মূল মাথাদের খুঁজে বের করতে তদন্তকারীরা জোরকদমে তল্লাশি চালাচ্ছেন। ধৃতের বিরুদ্ধে পাঞ্জাবের বিভিন্ন থানায় একাধিক ফৌজদারি মামলাও রয়েছে।