হিমাচলে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে মৃত ৬
হিমাচলপ্রদেশের জোগিন্দরনগরের লাদভরোল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় এলাকায় তীব্র ঠান্ডা ও কুয়াশা থাকায় বিষয়টি তৎক্ষণাৎ কারো নজরে আসেনি। বুধবার দুপুরে স্থানীয়রা খাদে গাড়িটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে চারজন কিশোরসহ মোট ছয়জন রয়েছেন। নিহতরা হলেন আয়ুষ (২১), অনুজ (১৮), যশ (১৪), পঙ্কজ কুমার (১৭), অর্ণব ঠাকুর (১৫) এবং আদিত্য (১৭)। তাঁরা প্রত্যেকেই স্থানীয় বিভিন্ন গ্রামের বাসিন্দা ছিলেন। সারারাত খাদে পড়ে থাকার ফলে অতিরিক্ত ঠান্ডায় আহতরা ঘটনাস্থলেই প্রাণ হারান। উদ্ধারকাজ শেষে মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।