বর্ধমান: ভুয়ো রিপোর্ট তৈরির অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ কমিশনের
পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারপার্সন ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বর্ধমানের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালানো হয়। এই পরিদর্শনের সময় শহরের খোসবাগান এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আসে। সাধারণ রোগীর ছদ্মবেশে কমিশনের প্রতিনিধিরা সেখানে রক্ত পরীক্ষার নমুনা জমা দেন। এরপর প্রাপ্ত রিপোর্টের সঙ্গে কলকাতার একটি নামী ল্যাবের রিপোর্টের আকাশপাতাল পার্থক্য ধরা পড়ে।
তদন্তে জানা যায়, ওই ডায়াগনস্টিক সেন্টারে কোনো অভিজ্ঞ চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। ল্যাবরেটরি পরীক্ষা না করেই অনুমাননির্ভর মনগড়া রিপোর্ট তৈরি করে রোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছিল। এমনকি রক্ত পরীক্ষার জন্য ব্যবহৃত কিট বা চিকিৎসা সামগ্রীর মান নিয়েও প্রশ্ন উঠেছে। আবাসিক বাড়ির মধ্যে বেআইনিভাবে পরিচালিত এই সেন্টারে প্রয়োজনীয় পরিকাঠামো ও আধুনিক যন্ত্রপাতির অভাব ছিল প্রকট।
এই ঘটনার প্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কমিশনের চেয়ারপার্সন বিশ্বজিৎ বসু। তিনি স্পষ্ট জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমন ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মানুষের জীবন ও সঠিক চিকিৎসার স্বার্থে অবিলম্বে বর্ধমানের খোসবাগানের ওই দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। কমিশনের এই অভিযানে বর্ধমানের স্বাস্থ্য মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।