রাজ্যের বিভিন্ন কলেজের গভর্নিং বডিতে নতুন সরকারি প্রতিনিধি নিয়োগ
রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি বা গভর্নিং বডিতে নতুন সরকারি প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। প্রতিটি কলেজে দুইজন করে সদস্যকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতা ও এবিভিপি-র সদস্যরা। এর মধ্যে সীতানন্দ কলেজে এবিভিপি-র তমলুক প্রমুখ এবং সায়ন পণ্ডা, গোবরডাঙা হিন্দু কলেজে অচিন্ত্য মণ্ডল, ভৈরব গাঙ্গুলি কলেজে চার্লস নন্দী এবং মালদহ কলেজে নীলাঞ্জন দাসকে মনোনীত করা হয়েছে। এছাড়াও খড়গপুর কলেজে সৌরীন গোস্বামী, ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয়ে স্বপন মুখোপাধ্যায়, পাঁচমুড়া মহাবিদ্যালয়ে প্রণব কুসুম মাহাতো এবং স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়ে বাণীব্রত চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অতীতে তৃণমূল কংগ্রেসের শাসনামলে কলেজগুলির গভর্নিং বডিতে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের সরকারি প্রতিনিধি হিসেবে নিয়োগের চল ছিল। বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই ধারা বজায় রেখেই বিভিন্ন কলেজের পরিচালন সমিতিতে বিজেপি ও তার সহযোগী সংগঠনের নেতাদের মনোনীত করা হয়েছে। এর আগে রাজ্যের ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবেও মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের নাম দেখা গিয়েছিল।