শীতের সবজিতেই তৈরি করুন সুস্বাদু বাঁধাকপির মাঞ্চুরিয়ান
শীতের মরসুমে বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। অনেকেই বাঁধাকপির সাধারণ তরকারি খেতে পছন্দ করেন না। তবে এই সবজি দিয়েই বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলা যায় ইন্দো-চাইনিজ স্বাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এটি যেমন সুস্বাদু, তেমনই তৈরি করা বেশ সহজ।
এই পদটি তৈরির জন্য প্রথমে বাঁধাকপি কুচি, গাজর কুচি, আদা-রসুন বাটা, ময়দা, কর্নফ্লাওয়ার ও পরিমাণমতো নুন দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এরপর এই মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করে ডুবো তেলে লালচে করে ভেজে তুলে রাখুন।
সস তৈরির জন্য একটি প্যানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা, কাঁচালঙ্কা ও ক্যাপসিকাম হালকা করে ভেজে নিন। এতে চিলি সস, সয়া সস, টমেটো সস, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো ও নুন মিশিয়ে নাড়াচাড়া করুন। মিশ্রণটি ঘন হয়ে এলে আগে থেকে ভেজে রাখা বাঁধাকপির বলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গরম গরম রুটি বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু মাঞ্চুরিয়ান।