ইনস্টাগ্রামের মেসেজিং ফিচারের জন্য আসছে নতুন ‘ডিরেক্ট’ অ্যাপ
ইনস্টাগ্রামের মূল অ্যাপ থেকে মেসেজিং ফিচারকে আলাদা করে এবার নতুন ‘ডিরেক্ট’ অ্যাপ নিয়ে আসছে মেটা। মূলত ইনস্টাগ্রাম ফিড স্ক্রল করার ঝামেলা এড়িয়ে ব্যবহারকারীদের দ্রুত চ্যাটিংয়ের অভিজ্ঞতা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই অ্যাপে সাধারণ মেসেজিংয়ের পাশাপাশি ছবি আঁকা বা স্কেচ করার জন্য ‘ড্র’ ফিচার, মনের ভাব প্রকাশের জন্য ‘নোটস’ এবং ভয়েস মেসেজে বিভিন্ন ইফেক্ট যোগ করার সুবিধা থাকছে। এছাড়া ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো চ্যাটের থিম বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।
এই অ্যাপ ব্যবহারের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের পুরনো ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে যাবে। অন্যদিকে, নতুন ব্যবহারকারীরা ইমেল আইডি বা ফোন নম্বর ব্যবহার করে সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন। কন্টাক্ট লিস্টে থাকা পরিচিতদের পাশাপাশি কিউআর কোড স্ক্যান করেও অন্যদের সঙ্গে চ্যাট শুরু করা সম্ভব হবে।
বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই এই অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে তুরস্ক ও থাইল্যান্ডের ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। খুব শীঘ্রই বিশ্বব্যাপী এই অ্যাপটি রোলআউট করা হতে পারে বলে জানা গেছে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি একাধিক ব্যক্তিকে নিয়ে গ্রুপ চ্যাট করার সুবিধাও এই অ্যাপে থাকছে।