সেক্টর ফাইভের ফ্লাইওভারের নিচে লাইব্রেরি ও ক্রেশ তৈরির পরিকল্পনা পুরমন্ত্রীর
শহরের সৌন্দর্যায়ন ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার নব দিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির অফিসে আয়োজিত এক রিভিউ মিটিংয়ে তিনি সেক্টর ফাইভের সামগ্রিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। মন্ত্রী জানান, আগামী বর্ষায় যাতে এলাকায় জল না জমে, তার জন্য এখন থেকেই গালি পিট পরিষ্কার ও নিকাশি ব্যবস্থার কাজ শুরু করা হচ্ছে। এছাড়া রাস্তার স্ট্রিট লাইট ও ফুটপাথ সংস্কারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ফ্লাইওভারের নিচের অব্যবহৃত জায়গাগুলিকে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রী জানান, এই জায়গাগুলিতে লাইব্রেরি তৈরি করা হবে, যেখানে অফিস ফেরত মানুষ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন। দিনের নির্দিষ্ট সময়ে এই স্থানটিই শিশুদের জন্য ক্রেশ হিসেবে ব্যবহৃত হবে, যাতে কর্মজীবী মা-বাবারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। এছাড়া সেখানে টেবিল টেনিস কোর্ট, পিকেল বল খেলার জায়গা এবং ক্যাফে তৈরির পরিকল্পনাও রয়েছে।
শহরের পরিবেশ উন্নত করতে পশু-পাখিদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার কুকুরদের জন্য নির্দিষ্ট আশ্রয়স্থল এবং পাখিদের জন্য গাছে খাবার দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আগামী মাস থেকেই শহরে নতুন পাবলিক টয়লেট ও পিঙ্ক টয়লেট পরিষেবা চালু করার কথা জানিয়েছেন মন্ত্রী। পরিকাঠামোগত এই উন্নয়নমূলক কাজগুলি নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে সম্পন্ন করা হবে এবং পুরো বিষয়টি নিয়মিত নজরদারিতে রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।