রাজ্য পুলিশ প্রশাসনে বড় রদবদল, বদলি ৫০ থানার আইসি
রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। রাজ্যের বিভিন্ন পুলিশ জেলা ও কমিশনারেটের অধীনে থাকা ৫০টি থানার ইন্সপেক্টর ইনচার্জ বা আইসি পদমর্যাদার আধিকারিকদের বদলি করা হয়েছে। কলকাতা সংলগ্ন এলাকা থেকে শুরু করে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ থানাগুলিতে এই রদবদল কার্যকর করা হয়েছে। নির্দেশ পাওয়ার পরই সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই রদবদলের তালিকায় বাগুইহাটি, রানাঘাট, কোচবিহার কোতোয়ালি, বসিরহাট, বালুরঘাট ও ইসলামপুরের মতো গুরুত্বপূর্ণ থানাগুলি রয়েছে। বাগুইহাটি থানার নতুন আইসি হয়েছেন কাজল বন্দ্যোপাধ্যায়। রানাঘাট থানার দায়িত্ব পেয়েছেন দেবাশীষ সরকার এবং হরিণঘাটা থানার নতুন আইসি হয়েছেন প্রসেনজিৎ দত্ত। এছাড়া কোচবিহার কোতোয়ালি থানায় সুখময় চক্রবর্তী, ইসলামপুর থানায় প্রসেনজিৎ বিশ্বাস এবং বালুরঘাট থানায় শুভ্র দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনিক এই রদবদলে বেশ কয়েকজন আধিকারিককে থানা থেকে সরিয়ে রাজ্য পুলিশের বিশেষ শাখা এসটিএফ, সিআইডি ও ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। অন্যদিকে, এসটিএফ ও সিআইডিতে কর্মরত কয়েকজন ইন্সপেক্টরকে থানার দায়িত্ব দেওয়া হয়েছে। হরিণঘাটার প্রাক্তন আইসি সুজিত পালকে ট্রাফিক হেডকোয়ার্টারে এবং রায়গঞ্জের আইসি অমিতাভ দাসকে ব্যারাকপুর কমিশনারেটে বদলি করা হয়েছে। রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরাকে এসটিএফে পাঠানো হয়েছে এবং তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন সুব্রত মালাকার।
রাজ্য পুলিশের এই নির্দেশিকা ইতিমধ্যে ডিআইজি, আইজি ও পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। আসানসোল দক্ষিণ ও কুলটি থানাতেও নতুন আইসি নিয়োগ করা হয়েছে। এতগুলো থানার দায়িত্ব পরিবর্তনের ফলে পুলিশ প্রশাসনের অন্দরে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।