বেলুন গিলে শ্বাসকষ্টে মৃত্যু শিশুর, যানজটে আটকে অ্যাম্বুলেন্স

মহারাষ্ট্রের রায়গড়ের বামনগাঁওয়ের বাসিন্দা সুশীল ঠাকুর নামের এক শিশু খেলার ছলে একটি বেলুন গিলে ফেলে। এর ফলে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সে তীব্র শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। তাকে দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে আলিবাগ জেলা জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হন তার বাবা-মা।

তবে মাঝপথে বেলকাডে-আলিবাগ সড়কে রাস্তা নির্মাণের কাজের জন্য তৈরি হওয়া তীব্র যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। মহারাষ্ট্র রাজ্য পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে চলা এই নির্মাণকাজের সময় জরুরি পরিষেবার জন্য কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ দেড় ঘণ্টা যানজটে আটকে থাকার পর অ্যাম্বুলেন্সটি বিকেল ৪টার দিকে হাসপাতালে পৌঁছায়।

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় সন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। জরুরি পরিস্থিতিতে রাস্তা আটকে কাজ চালানোর এই অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে স্থানীয় প্রশাসন ও নির্মাণকারী কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *