কেরলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত বহরমপুরের পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও এক

কেরলের মানারকাট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম সাবির শেখ (১৮)। তিনি বহরমপুর থানার গুরুদাসপুর গ্রামপঞ্চায়েতের সালুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, সাবির পেশায় রাজমিস্ত্রি ছিলেন। ঢালাইয়ের কাজ শেষ করে মেশিন নিয়ে গাড়িতে ফেরার সময় একটি বাসের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় ঢালাই মেশিনটি সাবিরের ওপর পড়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত হাবিব শেখ নামে অপর এক শ্রমিককে মালাপুরাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তিনি বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, এই মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় ভিন রাজ্যে গিয়ে এমন পরিণতি মেনে নিতে পারছেন না পরিজনরা। মৃতদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *