রাজ্যের সরকারি কাজে ফিরল কেন্দ্রীয় সংস্থা, পরিকাঠামো উন্নয়নে বড় সিদ্ধান্ত নবান্নের

রাজ্যের সরকারি উন্নয়নমূলক ও নির্মাণ প্রকল্পের কাজে ফের কেন্দ্রীয় সংস্থাগুলোকে যুক্ত করার সিদ্ধান্ত নিল নবান্ন। অর্থ দফতরের জারি করা সাম্প্রতিক এক মেমোরেন্ডাম অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুলস বা ডব্লিউবিএফআর-এর ৪৭ডি ধারার অধীনে অ্যানেক্সার-ডি তালিকায় এই সংস্থাগুলোকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ পেতে কেন্দ্রীয় সংস্থাগুলোর আর কোনো বাধা রইল না।

নতুন তালিকায় চারটি প্রথম সারির কেন্দ্রীয় সংস্থাকে নির্দিষ্ট করা হয়েছে। এগুলো হলো সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (সিপিডব্লিউডি), ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি), রাইটস লিমিটেড এবং ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)। প্রয়োজনে ভবিষ্যতে আরও কেন্দ্রীয় সংস্থা বা নিগমকে এই তালিকায় যুক্ত করার সুযোগ রাখা হয়েছে। ২০১২ সালে এই নিয়ম চালু হলেও পরবর্তীকালে নীতিগত কারণে তা বন্ধ করে দেওয়া হয়েছিল, যা বর্তমান সরকার পুনরায় কার্যকর করল।

রাজ্য পূর্ত দফতরের নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় ও রাজ্য স্তরের কাজের দরের সামঞ্জস্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে নবান্ন কড়া শর্ত আরোপ করেছে। এখন থেকে সব টেন্ডার প্রক্রিয়া রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ই-টেন্ডার পোর্টাল অথবা জেম (GeM) পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এছাড়া প্রকল্প রূপায়ণের প্রতিটি স্তরে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার জন্য রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপার ও বিভাগীয় আধিকারিকদের কাছে প্রতিলিপি পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *