আমেদাবাদ স্টেশনে নতুন পরিকাঠামো: সাধারণ ট্রেনের ওপর দিয়ে ছুটবে বুলেট ট্রেন
আমেদাবাদ রেলওয়ে স্টেশনে ১০, ১১ এবং ১২ নম্বর প্ল্যাটফর্ম নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এই প্ল্যাটফর্মগুলোর জন্য ১৬, ১৭ এবং ১৮ নম্বর নামে তিনটি নতুন ব্রডগেজ রেললাইন বসানো হয়েছে। রেলওয়ে সেফটি কমিশনার বা সিআরএস ইতিমধ্যেই নতুন লাইনগুলো পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর এই প্ল্যাটফর্মগুলো দিয়ে এক্সপ্রেস, বন্দে ভারত এবং লোকাল প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হবে। উল্লেখ্য, বুলেট ট্রেন প্রকল্পের কাজের জন্য ২০২২ সালের জুলাই মাস থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মটি বন্ধ রাখা হয়েছিল।
মুম্বই-আমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের অধীনে আমেদাবাদে একটি অত্যাধুনিক বুলেট ট্রেন স্টেশন তৈরি হচ্ছে। প্রায় ৩৮ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই স্টেশনটি বর্তমান রেলওয়ে স্টেশনের ১০, ১১ এবং ১২ নম্বর প্ল্যাটফর্মের ওপর নির্মিত হচ্ছে। স্টেশনটির ছাদের নকশা ঘুড়ির আদলে এবং বাইরের অংশ সিদি সৈয়দ মসজিদের জালির নকশায় অনুপ্রাণিত। যাত্রীদের সুবিধার্থে এখানে আধুনিক ওয়েটিং লাউঞ্জ, শৌচাগার, দোকান, লিফট এবং এসকেলেটরের ব্যবস্থা থাকবে।
নতুন এই স্টেশনটিকে কালুপুর মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রীরা সাধারণ রেল, হাইস্পিড রেল এবং মেট্রোর মধ্যে সহজে যাতায়াত করতে পারেন। এছাড়া আমেদাবাদ স্টেশনকে একটি আধুনিক পরিবহণ কেন্দ্রে রূপ দেওয়ার কাজ চলছে। পাশাপাশি, আসারভা থেকে সবরমতী পর্যন্ত নতুন ব্রডগেজ বাইপাস লাইন এবং আমেদাবাদ থেকে কাঁকরিয়া ডিপো পর্যন্ত পঞ্চম রেললাইন তৈরির কাজও এগিয়ে চলেছে। এই পরিকাঠামোগত উন্নয়নগুলো সম্পন্ন হলে ট্রেন চলাচলের চাপ কমবে এবং রেল পরিষেবার গতি ও কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।