প্রতিকূল আবহাওয়ার জেরে স্থগিত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা
প্রবল বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দশমীর সকালে চন্দননগর জগদ্ধাত্রী পূজা কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে ১৮০টি বারোয়ারির প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মূলত দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ জানিয়েছেন, শোভাযাত্রায় প্রতিমার পাশাপাশি আলোকসজ্জার বিশাল গাড়ি থাকে। বৃষ্টির কারণে শর্ট সার্কিট বা অন্য কোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে শোভাযাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভজিৎ সাউ জানান, সর্বসম্মতিক্রমে আগামী ২২ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শোভাযাত্রা পিছিয়ে যাওয়ায় বারোয়ারিগুলোর ওপর বাড়তি খরচের বোঝা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সংস্থাগুলোর কাছে বিলের ক্ষেত্রে ছাড়ের আবেদন জানানো হয়েছে। তবে শনিবার আবহাওয়া স্বাভাবিক হলে যারা দিনের বেলায় প্রতিমা বিসর্জন দিতে চান, তারা তা করতে পারবেন। মণ্ডপগুলোতে নিরাপত্তা ও আলোর ব্যবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।