রাজ্যের সেরা পশু হাসপাতাল শিলিগুড়ির মাটিগাড়ায়, সম্মানিত চিকিৎসক চন্দন সাহা

শিলিগুড়ির মাটিগাড়ায় অবস্থিত পশু হাসপাতালটি ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের মধ্যে সর্বোচ্চ ১৭ হাজার ৪৫৫টি প্রাণীর চিকিৎসা করে নজির গড়েছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি বর্তমানে পশুপালকদের কাছে ভরসার কেন্দ্র হয়ে উঠেছে। চিকিৎসার পাশাপাশি সরকারি পরিষেবা ও আউটডোর টিকিট বাবদ ১ লক্ষ ৪ হাজার ৫৩০ টাকা রাজস্ব আদায় করে হাসপাতালটি রাজ্যের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। এছাড়া, উন্নত পরিকাঠামোর অভাবে রাজ্যের অধিকাংশ হাসপাতালে অস্ত্রোপচারের সুবিধা না থাকলেও, এখানে ইতিমধ্যেই শতাধিক জটিল সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিকিৎসক চন্দন সাহাকে কলকাতায় পুরস্কৃত করা হয়েছে।

তবে এই সাফল্যের আড়ালে রয়েছে তীব্র কর্মী সংকট। বর্তমানে হাসপাতালটিতে মাত্র একজন চিকিৎসক ও একজন সহায়ক কর্মী কর্মরত রয়েছেন। গোটা শিলিগুড়ি মহকুমার আটটি পশু হাসপাতালের অবস্থাও প্রায় একই। নিয়ম অনুযায়ী মহকুমায় ১৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৬ জন। ৮০ জন কর্মীর জায়গায় কাজ করছেন অর্ধেকেরও কম। লোকবলের অভাবে একজন চিকিৎসককে একাধিক হাসপাতালের দায়িত্ব সামলাতে হচ্ছে, যার ফলে পালা করে হাসপাতাল খোলা রাখায় পশুপালকরা ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসপাতালের এই সাফল্য ও পরিকাঠামোগত সমস্যার বিষয়ে রাজ্যের অর্থ ও পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানিয়েছেন, এই সাফল্য চিকিৎসকদের আরও উৎসাহিত করবে। তিনি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন। প্রাণিসম্পদ দফতরের শিলিগুড়ির আধিকারিক তুফান মাইতি ও চিকিৎসক চন্দন সাহার নিরলস প্রচেষ্টায় বহু মুমূর্ষু গৃহপালিত প্রাণী নতুন জীবন ফিরে পেয়েছে। সরকারি স্তরে এই স্বীকৃতি আগামী দিনে পরিষেবা আরও উন্নত করার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *