স্কচ হুইস্কি আমদানিতে শুল্ক জটিলতা, বাড়তে পারে মদের দাম

ব্রিটেন থেকে আমদানি করা স্কচ হুইস্কির শুল্ক সংক্রান্ত জটিলতায় ভারতের বাজারে মদের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। বাল্ক স্কচ আমদানির ক্ষেত্রে ১৬২.৫ শতাংশ শুল্কের বিষয়টি সামনে আসায় মদ প্রস্তুতকারী সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য চুক্তির পর শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করার সিদ্ধান্ত হলেও, বাল্ক স্কচ আমদানির ক্ষেত্রে কাস্টমস কোড সংক্রান্ত অসঙ্গতি ধরা পড়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আমদানি প্রক্রিয়ায়। পার্নোড রিকার্ড, ডিয়াজিও এবং বাকার্ডির মতো আন্তর্জাতিক সংস্থার ৮০টিরও বেশি কন্টেনার বর্তমানে ভারতের বন্দরে আটকে রয়েছে। ব্রিটেন থেকে আসা স্কচের প্রায় ৮০ শতাংশই বাল্ক আকারে আসে, যা দেশীয় সংস্থাগুলো ইন্ডিয়ান মেড ফরেন লিকার বা আইএমএফএল তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করে। পণ্য খালাসে দেরি হওয়ায় সরবরাহ ব্যবস্থা ও উৎপাদন পরিকল্পনা ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বন্দর থেকে পণ্য ছাড়ানোর জন্য আপাতত একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালু করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমদানিকারক সংস্থাগুলো পণ্যের মূল্যের ৭৫ শতাংশ শুল্ক জমা দিয়ে এবং বাকি অর্থের জন্য ব্যাংক গ্যারান্টি প্রদান করে কন্টেনার খালাস করতে পারবে। তবে কাঁচামালের খরচ বেড়ে গেলে শেষ পর্যন্ত উৎপাদিত হুইস্কির দাম সংশোধন করতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে শীতের মরশুমে সুরাপ্রেমীদের পকেটে বাড়তি চাপ পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *