শীতের দিনেও বাড়িতে জমবে ঘন দই, জেনে নিন সহজ কিছু কৌশল
শীতের কনকনে ঠান্ডায় দই জমাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কম তাপমাত্রার কারণে ব্যাকটেরিয়া সক্রিয় হতে না পারায় দই জমতে দেরি হয়। তবে সঠিক পদ্ধতি মেনে চললে শীতকালেও দোকানের মতো ঘন ও নিটোল দই তৈরি করা সম্ভব। দই পাতার প্রথম শর্ত হলো দুধ ভালো করে ফুটিয়ে নেওয়া। দুধ ফোটানোর পর তা কিছুটা ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় আনতে হবে। আঙুল ডুবিয়ে সহ্য করা যায় এমন তাপমাত্রাই দই পাতার জন্য আদর্শ। অতিরিক্ত গরম দুধে ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, আবার ঠান্ডা দুধে দই জমতে চায় না।
দই বসানোর জন্য টাটকা ও কম টক দইয়ের সাজা ব্যবহার করা জরুরি। প্রতি লিটার দুধের জন্য এক থেকে দুই চামচ সাজা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর পাত্রের উষ্ণতা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দইয়ের পাত্রটি মোটা কাপড় বা কম্বল দিয়ে মুড়িয়ে রাখলে বাইরের ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে পারে না। এছাড়া ক্যাসেরোলে মিশ্রণটি ঢেলে ঢাকনা আটকে রাখলে দীর্ঘক্ষণ তাপ বজায় থাকে, যা দই জমাতে সাহায্য করে। ওভেন এক-দুই মিনিট হালকা গরম করে বন্ধ করে তার ভেতরেও পাত্রটি রাখা যেতে পারে।
অনেকেই দ্রুত দই জমানোর জন্য বোঁটাসহ এক থেকে দুটি কাঁচা লঙ্কা দুধের মিশ্রণে দিয়ে থাকেন। লঙ্কার বোঁটায় থাকা প্রাকৃতিক উপাদান দই জমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বলে মনে করা হয়। এছাড়া স্টিলের বদলে মাটির পাত্র ব্যবহার করলে দই ভালো জমে। দই পাতার পর পাত্রটি বারবার নাড়ানো বা ঝাঁকানো উচিত নয়। শীতকালে দই জমতে সাধারণত আট থেকে বারো ঘণ্টা সময় লাগে। ধৈর্য ধরে অপেক্ষা করলেই বাড়িতে তৈরি করা সম্ভব সুস্বাদু ও ঘন দই।