কোচবিহার রাসমেলা: যাত্রীদের সুবিধার্থে বিশেষ নাইট বাস পরিষেবা চালু করল এনবিএসটিসি
কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় আগত দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ নাইট বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। মেলা চলাকালীন দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের কথা মাথায় রেখে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন রুটে গভীর রাত পর্যন্ত বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত সময়সূচি বিভিন্ন বাসস্ট্যান্ডে প্রদর্শনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
নিগম সূত্রে জানা গিয়েছে, কোচবিহার বাসস্ট্যান্ড থেকে অধিকাংশ রুটে রাত ১১টা পর্যন্ত বাস পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, দিনহাটা, ফালাকাটা এবং মাথাভাঙার জন্য শেষ বাস রাত ১১টায় ছাড়বে। এছাড়া বক্সিরহাটের জন্য রাত ১০টা, জোড়াইয়ের জন্য রাত ১০টা, মেখলিগঞ্জের জন্য রাত ৯টা ৩০ মিনিট এবং সিতাইয়ের জন্য রাত ৯টা ৩০ মিনিটে শেষ বাস ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে।
এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায় জানিয়েছেন, মেলায় আসা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহারের রাসমেলা উপলক্ষে এবার সাগরদিঘিতে আরতি এবং অত্যাধুনিক লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর মতো নতুন আকর্ষণ থাকছে। এই বাড়তি ভিড় সামলাতে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে পরিবহণ নিগমের এই নাইট বাস পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।