আইপিএলের সঙ্গে প্রতিযোগিতায় ব্যর্থ, পিএসএল ফ্র্যাঞ্চাইজি বিক্রির সিদ্ধান্ত মালিকের
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর দল বিক্রির পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন যে, আইপিএলের সঙ্গে প্রতিযোগিতায় পিএসএল এখনও অনেক পিছিয়ে রয়েছে। আইপিএলের বিশাল বাজার এবং বাণিজ্যিক সাফল্যের সঙ্গে পাল্লা দেওয়া পিএসএলের পক্ষে সম্ভব হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন।
নাদিম ওমরের মতে, পিএসএলকে বিদায় জানানোর এটাই সঠিক সময়। তিনি জানিয়েছেন, উপযুক্ত প্রস্তাব পেলে এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তিনি ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করতে প্রস্তুত। আইপিএলের মতো বড় মাপের স্পনসর বা বাণিজ্যিক প্রতিষ্ঠান পিএসএলে বিনিয়োগ করতে আগ্রহী নয়, যা লিগটির আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি মনে করেন।
আর্থিক ক্ষতির কারণ হিসেবে তিনি নকল পণ্যের বাজারকেও দায়ী করেছেন। ওমরের দাবি, পিএসএলের জার্সি বা অন্যান্য সামগ্রীর নকল সংস্করণ কম দামে বাজারে চলে আসায় ফ্র্যাঞ্চাইজিগুলো বড় ধরনের লোকসানের মুখে পড়ছে। আইপিএলের আয়ের মডেল এবং পিএসএলের বর্তমান পরিস্থিতির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।