ডানকানসের ১৪টি চা বাগান অধিগ্রহণে ২০০ কোটির প্রস্তাব, আশায় শ্রমিকরা

ডানকানস ইন্ডাস্ট্রিজের অধীনে থাকা ১৪টি চা বাগান অধিগ্রহণ করে সেগুলিকে নতুন করে চালু করার পরিকল্পনা নিয়েছে তেরাই টি কোম্পানি লিমিটেড। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ২০০ কোটি টাকার একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বর্তমানে এই প্রস্তাবটি ডানকানস ইন্ডাস্ট্রিজের ঋণদাতাদের কমিটি এবং সংশ্লিষ্ট বিধিবদ্ধ কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললে অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হবে।

প্রস্তাবিত ২০০ কোটি টাকার বিনিয়োগের মধ্যে ১০০ কোটি টাকা অধিগ্রহণের প্রথম পর্যায়ে ব্যয় করা হবে। বাকি ১০০ কোটি টাকা চা বাগানগুলির পরিকাঠামো উন্নয়ন, পুরনো কারখানা সংস্কার এবং উৎপাদন ব্যবস্থা পুনরায় চালু করার কাজে ব্যবহৃত হবে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা বাগানগুলিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

শ্রমিকদের বকেয়া পাওনা মেটানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তেরাই গ্রুপ শ্রমিকদের বকেয়া মজুরি মেটানোর জন্য ২৪ কোটি টাকা এবং প্রভিডেন্ট ফান্ড ও ইএসআই সংক্রান্ত বকেয়া মেটানোর জন্য ৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে। অধিগ্রহণের পরবর্তী ছয় মাসের মধ্যে এই পাওনা মিটিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল হলে প্রায় ১০ হাজার স্থায়ী চা শ্রমিক ও তাঁদের পরিবারের আর্থিক অনিশ্চয়তা দূর হতে পারে।

পাশাপাশি, ঋণদাতাদের স্বার্থরক্ষার বিষয়টিও এই প্রস্তাবে রাখা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে ঋণদাতাদের জন্য আগের প্রস্তাবের তুলনায় ১৫ শতাংশ বেশি অর্থ ফেরতের ব্যবস্থা রাখা হয়েছে। উত্তরবঙ্গের চা শিল্পের সঙ্গে হাজার হাজার মানুষের জীবন-জীবিকা জড়িত থাকায়, এই বাগানগুলি পুনরায় চালু হলে তা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *