সায়ন দাস খুনে অভিযুক্তদের ১৫-২০ দিনের মধ্যে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি জিতেন্দ্র তিওয়ারির
গত ১১ নভেম্বর রাতে ফরিদপুরের জব্বর পল্লিতে খুন হন বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সায়ন দাস। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই অজয় নন্দী, বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে নামে তিন যুবককে গ্রেফতার করেছে। তবে এই গ্রেফতারিই শেষ কথা নয় বলে মন্তব্য করেছেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে খুনের সঙ্গে জড়িতদের সমূলে বিনাশ করা হবে।
এনকাউন্টারের বিষয়ে প্রশ্ন করা হলে জিতেন্দ্র তিওয়ারি জানান, তাঁরা এনকাউন্টার পছন্দ করেন না। তবে তিনি স্পষ্ট করেছেন যে, খুনের রাজনীতি করলে তাঁদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং ওই এলাকায় তাঁদের কোনো স্থান থাকবে না। আইনের মধ্যে থেকেই এই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, এলাকায় সিন্ডিকেট রাজের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে, বিজেপির কোনো নেতা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকলে তার প্রমাণ যেন সামনে আনা হয়।
অন্যদিকে, এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রীত সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিবাদের তথ্য উঠে এসেছে। পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে এবং খুনের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।