ভিনরাজ্যে নয়, নিজের গ্রামেই চামড়ার মানিব্যাগ তৈরি করে স্বনির্ভর মিনাখাঁর যুবকরা

বসিরহাট মহকুমার মিনাখাঁর ঘোষপুর, লাউগাছি ও কুশাংরা গ্রামের একদল যুবক নিজেদের হাতের কাজকে সম্বল করে স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছেন। একসময় কাজের সন্ধানে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করা বা বেকারত্বের গ্লানি সহ্য করা এই যুবকরা এখন নিজেরাই চামড়ার মানিব্যাগ তৈরির কাজ করছেন। স্থানীয়ভাবে এই দক্ষতা অর্জন করে তাঁরা এখন নিজেদের এলাকায় বসেই আয়ের পথ তৈরি করে নিয়েছেন। বর্তমানে প্রায় শতাধিক যুবক এই পেশার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন।

চামড়া কাটা, মাপ অনুযায়ী অংশ তৈরি, সেলাই থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত প্রতিটি ধাপেই প্রয়োজন হয় বিশেষ দক্ষতা ও ধৈর্য। অভিজ্ঞ যুবকরা নতুনদের হাতে-কলমে কাজ শেখাচ্ছেন, যার ফলে কাজের পরিধি ও দক্ষতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি পরিচিতদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে এই মানিব্যাগের অর্ডার আসছে। বাড়িতে বসে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় যাতায়াতের খরচ ও বাইরে থাকার মানসিক চাপ অনেকটাই কমেছে বলে জানিয়েছেন কর্মীরা।

একসময় যে মানিব্যাগে কাজের আশায় বিভিন্ন মানুষের ভিজিটিং কার্ড জমিয়ে রাখতেন, এখন সেই মানিব্যাগই তাঁদের কর্মসংস্থানের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। এই উদ্যোগ কেবল আয়ের পথই প্রশস্ত করেনি, বরং ভবিষ্যতে কাজের পরিধি আরও বাড়ানোর স্বপ্ন দেখাচ্ছে তাঁদের। মিনাখাঁর এই যুবকদের প্রচেষ্টা স্থানীয় স্তরে স্বনির্ভরতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা এলাকার অন্যান্য বেকার যুবকদেরও নতুন করে আশাবাদী করে তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *