নিকটাত্মীয়ের মধ্যে বিবাহ ও জিনগত ঝুঁকি: আইন সংশোধনের সম্ভাবনা খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট

নিকটাত্মীয়ের মধ্যে বিবাহের ফলে সন্তানের জিনগত স্বাস্থ্যঝুঁকির বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটির এক আইনের ছাত্রী এই মামলাটি করেছেন। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানিয়েছেন, বাবা-মায়ের মধ্যে রক্তের সম্পর্ক থাকায় তিনি ‘কোন ডিস্ট্রফি’ নামক এক বিরল বংশগত চোখের রোগে আক্রান্ত। এই রোগের কারণে তাঁর দৃষ্টিশক্তি ও দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে।

আবেদনকারীর দাবি, ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের ৫(iv) এবং ৫(v) ধারায় নির্দিষ্ট সম্প্রদায়ের প্রথা মেনে নিকটাত্মীয়ের মধ্যে বিবাহের যে ছাড় দেওয়া হয়েছে, তা পুনর্বিবেচনা করা প্রয়োজন। প্রথার দোহাই দিয়ে এই ধরনের বিবাহকে আইনি বৈধতা দিলে তা ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও জিনগত বিকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তবে অতীতে সম্পন্ন হওয়া বিবাহগুলোর বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ এই মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে নোটিস জারি করেছে। আদালত জানতে চেয়েছে, প্রচলিত আইনে কোনো সংশোধন আনা সম্ভব কি না। পাশাপাশি, নিকটাত্মীয়ের মধ্যে বিবাহের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে স্কুল-কলেজসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞানসম্মত প্রচার চালানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *