আইআইটি খড়গপুরের মঞ্চ থেকে সেমিকন্ডাক্টর মিশন নিয়ে বামেদের নিশানা প্রধানমন্ত্রীর
আইআইটি খড়গপুরের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেমিকন্ডাক্টর মিশনের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ৫০ বছর আগে সেমিকন্ডাক্টর তৈরির জন্য একটি সংস্থা ভারতে এলেও বামপন্থীদের বিরোধিতার কারণে তাদের ফিরে যেতে হয়েছিল। প্রধানমন্ত্রীর মতে, সেই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হলে ভারত অনেক আগেই এই প্রযুক্তিতে এগিয়ে থাকত।
নিজের সরকারের সাফল্যের কথা উল্লেখ করে মোদী জানান, সেমিকন্ডাক্টর মিশন শুরুর মাত্র চার বছরের মধ্যেই ভারত চিপ তৈরির ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে। বর্তমানে ভারত শুধু চিপ তৈরিই করছে না, বিদেশে রফতানিও করছে। এই অগ্রগতির নেপথ্যে আইআইটি খড়গপুরের প্রাক্তনীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
পশ্চিমবঙ্গকে নতুন ভাবনা ও উদ্ভাবনের জন্মভূমি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, গত ৭৫ বছরে ভারত গরুর গাড়ির যুগ থেকে বুলেট ট্রেনের যুগে প্রবেশ করেছে। এটি দেশের বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবর্ধমান সক্ষমতার প্রমাণ। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে তিনি পড়ুয়াদের ‘নেশন ফার্স্ট’ বা দেশকে সবার আগে রাখার মন্ত্রে দীক্ষিত হওয়ার আহ্বান জানান।