কোটি টাকার পাচারকাণ্ডে গ্রেফতার মোমেন মোল্লা
কোটি টাকার পাচারকাণ্ডে অভিযুক্ত মোমেন মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়। এর আগে পাচার চক্রের হদিস পাওয়ার সময় গোডাউনের মালিক মোমেন ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। এরপর থেকেই পুলিশ তাকে বিভিন্ন এলাকায় খুঁজছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ ধৃত মোমেন মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হবে। এই ঘটনার তদন্তে নেমে পাচার চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিকে এই গ্রেফতারিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, ধৃত মোমেন মোল্লা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ এবং শাসকদলের নেতাদের মদতেই সে দীর্ঘদিন ধরে বিভিন্ন পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল। যদিও এই অভিযোগের বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।