পশ্চিম মেদিনীপুরে অজানা প্রাণীর আক্রমণে জখম ৪০টিরও বেশি গবাদি পশু, এলাকায় আতঙ্ক

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার ভেধুমজুরি পাড়া এলাকায় অজানা প্রাণীর আক্রমণে ৪০ থেকে ৫০টি গরু ও মোষ জখম হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কৃষকরা গবাদি পশুগুলির শরীরে গভীর ক্ষত, আঁচড় ও কামড়ের দাগ দেখতে পান। ঘন জঙ্গল সংলগ্ন এই গ্রামে ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে বন দফতর ও প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

আহত পশুদের চিকিৎসার পাশাপাশি তাদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। বন দফতরের প্রাথমিক অনুমান, কোনো হায়না বা অন্য কোনো বন্যপ্রাণী এই হামলা চালিয়ে থাকতে পারে। তবে প্রাণীটিকে এখনও নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বন বিভাগের বিট অফিসার সোমনাথ হেমব্রাম জানিয়েছেন, কামড়ের ধরন অস্বাভাবিক হওয়ায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

প্রশাসন ও চিকিৎসকদের পক্ষ থেকে গ্রামবাসীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আক্রান্ত পশুর দুধ বা মাংস যেন কেউ গ্রহণ না করেন। যারা ইতিমধ্যে এই দুধ পান করেছেন, তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্ত পশুদের সুস্থ পশুদের থেকে আলাদা রাখার নির্দেশও জারি করা হয়েছে। গড়বেতা বিধানসভার বিধায়ক প্রদীপ লোধার উপস্থিতিতে পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *