চিপ থেকে শিপ, সব ভারতেই তৈরি হবে: খড়্গপুর আইআইটির পড়ুয়াদের বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়্গপুরের পড়ুয়াদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন্ডাক্টর শিল্প ও দেশের সামগ্রিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি দাবি করেন, ৫০ বছর আগেই ভারত সেমিকন্ডাক্টর চিপ তৈরির সুযোগ পেয়েছিল এবং সেই লক্ষ্যে কোম্পানিও এসেছিল। তবে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই উদ্যোগ সফল হয়নি। বর্তমানে ভারত চিপ রপ্তানি করছে এবং ভবিষ্যতে চিপ থেকে শুরু করে জাহাজ নির্মাণ—সবই ভারতেই তৈরি হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

কংগ্রেসের নাম না করে প্রধানমন্ত্রী ‘গরিবি হটাও’ স্লোগান নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, পাঁচ দশক আগে এই স্লোগান দেওয়া হলেও বাস্তবে কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং সব ফাইলবন্দি হয়ে পড়ে ছিল। তাঁর সরকারের আমলে দারিদ্র্য দূরীকরণে শৌচাগার নির্মাণ এবং উজ্জ্বলা যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

খড়্গপুর আইআইটির গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী পড়ুয়াদের ‘নেশনস ফার্স্ট’ এবং ‘ব্রেক দ্য লিমিটস’—এই দুই মন্ত্রে এগিয়ে চলার আহ্বান জানান। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে আগামী দুই দশক পড়ুয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। স্টার্টআপ থেকে মহাকাশ গবেষণা, প্রতিটি ক্ষেত্রে আইআইটি পড়ুয়াদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *