প্যান্টের পিছনের পকেটে মানিব্যাগ রাখা কতটা বিপজ্জনক? সতর্ক করলেন চিকিৎসকরা
প্যান্টের পিছনের পকেটে মানিব্যাগ রেখে দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস মেরুদণ্ড ও স্নায়ুর মারাত্মক ক্ষতি করতে পারে। চিকিৎসকদের মতে, পকেটে মোটা মানিব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। বিশেষ করে গাড়ি চালানো বা অফিসের ডেস্কে একটানা কাজ করার সময় এই অভ্যাস শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলে।
মানিব্যাগ একপাশে থাকার ফলে বসার সময় পেলভিস বা শ্রোণীচক্রের ভারসাম্য বিঘ্নিত হয়। এর ফলে শরীরের সম্পূর্ণ ওজন একদিকের নিতম্বের ওপর পড়ে। নিতম্বের নিচ দিয়ে প্রবাহিত সায়াটিক নার্ভ এই চাপে সংকুচিত হয়ে পড়ে। দীর্ঘসময় এমন চললে কোমর থেকে পা পর্যন্ত তীব্র যন্ত্রণা, অবশ ভাব বা সুই ফোটার মতো অনুভূতি হতে পারে, যা থেকে সায়াটিকা বা পক্ষাঘাতের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে।
একপাশে অতিরিক্ত ওজনের কারণে মেরুদণ্ড তার স্বাভাবিক সোজা আকৃতি হারিয়ে বাঁকা হয়ে যেতে পারে। দীর্ঘদিন এই অভ্যাস বজায় থাকলে মেরুদণ্ডের ডিস্ক সরে যাওয়া বা হার্নিয়েটেড ডিস্কের মতো যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয়। এতে কোমরের পেশি দুর্বল হয়ে পড়ে এবং চলাফেরায় সমস্যা দেখা দেয়। সুস্থ থাকতে বসার সময় পকেট থেকে মানিব্যাগ বের করে টেবিল বা ব্যাগে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।