আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তিতে সেমিকন্ডাক্টর নিয়ে বামেদের নিশানা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন। অনুষ্ঠানে তিনি ভারতের শিক্ষা ও প্রযুক্তির অগ্রগতির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যুগে পৌঁছানো ভারতের পরিবর্তনের সাক্ষী এই প্রতিষ্ঠান। দেশের স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গের ভূমিকার প্রশংসা করে তিনি জানান, দেশের প্রথম নির্বাচনের আগেই ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয়তা অনুভব করেছিল ভারত, যেখানে এই প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।

বামেদের তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ৫০ বছর আগে একটি সেমিকন্ডাক্টর কোম্পানি ভারতে আসতে চেয়েছিল, কিন্তু তৎকালীন বাম শাসনে তাদের লাল ঝান্ডা দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, সেই সময় অনেকে বলেছিল অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু বর্তমান সরকার হাল না ছেড়ে মাত্র চার বছরে সেমিকন্ডাক্টর ফেসিলিটি শুরু করেছে। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও যুবকদের জন্য ইসরোর দরজা খুলে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ছাত্রদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন ‘ব্রেক দ্য লিমিট’ তত্ত্বে বিশ্বাসী। দারিদ্র্য দূরীকরণ প্রসঙ্গে তিনি জানান, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী ভারতে ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছে। তিনি বলেন, আগে দারিদ্র্যকে মূল সমস্যা মনে করা হতো, কিন্তু বর্তমান সরকার ‘পাওয়ার টু এমপাওয়ার’ বা ক্ষমতা থেকে ক্ষমতায়নের পথে হাঁটছে। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আত্মনির্ভরশীল হওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *